06/06/2026
মানুষ কখনো মনের মতো হয় না।
যার সাথে যুগ যুগ ধরে সংসার করছেন, সেই মানুষটার মনের মতো হওয়ার জন্য যা কিছুই করেন না কেন, কখনো কখনো তা যথেষ্ট নয়।
আপনার সামনে আপনার সঙ্গী যতই বলুন, আপনাকে নিয়ে সে সন্তুষ্ট; আপনার অগোচরে, আড়ালে সেই মানুষটার মনেও আক্ষেপ থেকে যায়! শুধু তার নয়, আপনার ক্ষেত্রেও সঙ্গীকে নিয়ে হৃদয়ে সংগোপনে কোনো না কোনো ভাবে আক্ষেপ থাকেই।
পৃথিবীর কোনো মানুষই পুরোপুরি পারফেক্ট হয়ে জন্মায় না। আমরা যারা ভাবি, সঙ্গী আমাদের নিয়ে কিংবা আমরা সঙ্গী নিয়ে পুরোপুরি সুখী; মূলত আমরা সবকিছু মেনে নিতে শিখে যাই বলেই এটা ভাবি।
আপনার প্রতি আপনার সঙ্গী কতটা সন্তুষ্ট সেটা কেবল তার মন জানে৷ আর আপনি সঙ্গীকে নিয়ে কতটা সন্তুষ্ট সেটা কেবল আপনার মন জানে। দু'জন একসাথে থাকার কারণে অনেককিছুই ছাড় দিয়ে চলেন—ছাড় দিতে বাধ্য হোন। কারণ দু'জনেই সংসারে শান্তি চান, ভারসাম্য বজায় রাখতে চান।
পৃথিবীর কোনো মানুষই বুকে হাত রেখে বলতে পারবে না, সে তার নিজের সঙ্গীর প্রতি পুরোপুরি সন্তুষ্ট। কারণ মানুষ কখনো মনের মতো হয় না। প্রত্যেকটা মানুষ সম্পূর্ণ আলাদা। তার চাওয়া—পাওয়া, মনমানসিকতা, জীবনবোধ আলাদা। তাহলে ভিন্ন চরিত্রের হয়েও কি করে মনের মতো হয়?
মানুষের এক অদ্ভুত ক্ষমতা আছে, জানেন তো?
বুকে বেদনা, না পাওয়ার আক্ষেপ আর যন্ত্রণা লুকিয়ে রেখে দিব্যি হাসিমুখে সব মেনে নিতে পারে! আর সে যে মেনে নেয়, মানিয়ে নেয়, এটা ঘুণাক্ষরেও বুঝতে দিবে না। পৃথিবীতে খুব কম মানুষই আছে, যারা ঠিক তাদের মনের মতোই জীবন সঙ্গী পায়। একজন মনের মতো পেলেও অপরজন শুধু তার মনের মতো হওয়ার জন্য সবকিছু মেনে নেয়—মানিয়ে নেয়।
দাম্পত্য জীবন, অন্যান্য সম্পর্কের তুলনায় বেশিদিন টিকে থাকে মূলত এই মেনে নেয়া আর মানিয়ে নেয়ার কারণে। এই একটা সম্পর্ক ছাড়া পৃথিবীর আর কোনো সম্পর্কে মানুষ এতটা সহনশীলতা আর ধৈর্যের পরিচয় দেয় না। যেখানে অপরজন মনের মতো না হলেও, দিনের পর দিন, বছরের পর বছর সেই মানুষটার হাত ধরেই কাটিয়ে দেয় অনায়াসে।
লেখায়:- মোঃ ফাহাদ মিয়া🌼