14/10/2026
হাল ছেড়ো না বন্ধু, অন্ধকার যত গভীরই হোক, আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হয়ো না!
জীবনের সংগ্রামে যখন মানুষ বিপর্যস্ত হয়ে পড়ে, যখন প্রতিকূলতার পর প্রতিকূলতা এসে তার জীবনকে দুর্গম পাহাড়ের মতো কঠিন করে তোলে, তখন হতাশার গভীর অন্ধকারে ডুবে যাওয়াই মানুষের সহজাত প্রবৃত্তি। কিন্তু সেই মুহূর্তেই এই বাণী আমাদের পথ দেখায়: "হাল ছেড়ো না বন্ধু, সৃষ্টিকর্তা শক্তিশালী যোদ্ধাদেরকেই কঠিন পরীক্ষা দেন"।
"মানুষ কি মনে করে যে, 'আমরা ঈমান এনেছি' বললেই ছেড়ে দেওয়া হবে এবং তাদের পরীক্ষা করা হবে না?"
(সূরা আনকাবুত, আয়াত:২)
এ কথা সত্য যে, আল্লাহ্ তা'য়ালা প্রত্যেক মানুষকে তার সামর্থ্য অনুযায়ী পরীক্ষায় ফেলেন। কিন্তু তিনি কখনোই সাধ্যের বাইরে বোঝা চাপান না। এই বিশ্বাসটুকুই মানুষকে দাঁড় করাতে পারে সবচেয়ে কঠিন মুহূর্তেও। যে যোদ্ধা যত শক্তিশালী, তার পরীক্ষাও তত কঠিন হয়। কারণ, সাধারণ কঠিনত্ব তাকে পরাস্ত করতে পারে না। তাকে পরীক্ষায় ফেলতে হলে প্রয়োজন হয় বিশেষ চ্যালেঞ্জের।
জীবনের এই দর্শন বুঝতে পারলে আমাদের দৃষ্টি ভঙ্গিই বদলে যায়। তখন আমরা আমাদের ব্যর্থতাকে ব্যর্থতা হিসেবে দেখিনা, বরং সেটাকে দেখি উন্নতির সোপান হিসেবে। প্রতিটি বিপদ আসলে আমাদের অভ্যন্তরীণ শক্তিকে জাগ্রত করার জন্য আল্লাহর বিশেষ ব্যবস্থাপনা। যে ধাতু যত কঠিন, তাকে গড়ে তুলতে তত বেশি তাপ ও আঘাতের প্রয়োজন। তেমনি মানব চরিত্রকেও পরিশুদ্ধ ও মজবুত করতে কঠিন কঠিন পরীক্ষারই প্রয়োজন।
"নিশ্চয় কষ্টের সঙ্গেই স্বস্তি আসে, নিশ্চয় কষ্টের সঙ্গেই স্বস্তি আসে।"
(সূরা ইনশিরাহ, আয়াত ৫-৬)
জীবনে যখন কঠিন সময় আসে, তখন হতাশ না হয়ে ভাবতে হবে এই চ্যালেঞ্জ আসলে আমার মধ্যে লুকিয়ে থাকা শক্তিশালী যোদ্ধাটিকেই খুঁজে বের করার জন্য। আল্লাহ্ যখন আমাকে এই পরীক্ষা দিচ্ছেন, কষ্টে ফেলছেন তার মানে তিনি আমার মধ্যে এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সামর্থ্য রেখেছেন। আমাদের দায়িত্ব হলো ধৈর্যধারণ করা, পরিশ্রম করা এবং আল্লাহর উপর অগাধ বিশ্বাস রাখা। কারণ, প্রতিটি কঠিনতার পরে আসে সুবিশাল সফলতা, প্রতিটি অন্ধকারের পরেই আসে উজ্জ্বল ভোর। এই বিশ্বাস নিয়ে এগিয়ে যেতে পারলে মানুষ জীবনের সবচেয়ে কঠিন যুদ্ধেও বিজয়ী হতে পারে। আল্লাহর রহমত সবসময় ধৈর্যশীলদের সাথেই থাকে এটা যেন আমরা কখনোই ভুলে না যাই।
প্প্রকৃত বীররা কখনো জীবন যুদ্ধ থেকে পলিয়ে যায় না। আপনি যে এই মুহূর্তে যুদ্ধ করছেন, সেটাই প্রমাণ করে আপনি আল্লাহর বিশেষ একজনের সৈনিক। তিনি আপনাকে সাধারণ সৈনিক বানাননি, বরং বিশেষ বাহিনীর যোদ্ধা বানিয়েছেন, জীবন যুদ্ধের বিশেষ বিশেষ মিশনের জন্য।
তাই এখনই মনে প্রাণে ফিরে আসুন আমার মহান রব, আমার আল্লাহর দিকে। জীবনটা একটা চলমান সেকেন্ড, যেটা শেষ হয়েই যাবে। আপনার হতাশার গল্প, আপনার সংগ্রামের গল্প, আপনার অশ্রুর প্রতিটি বিন্দু সবই আল্লাহর দরবারে লিপিবদ্ধ হচ্ছে মহান প্রতিদানের প্রত্যাশায়। আজ আপনি হয়তে কুয়ার তলায়, কিন্তু ভুলবেন না ইউসুফ (আ.) ও কুয়া থেকে শুরু করেছিলেন মিসরের ঐতিহাসিক সিংহাসনের যাত্রা।
আল্লাহর সাথে সম্পর্ক গড়ার এটাই সবচেয়ে সুবর্ণ সুযোগ। যখন একজন মানুষকে সবাই ছেড়ে দেয়, যখন সব সাহায্য শেষ হয়ে যায় ঠিক তখনই তো আল্লাহর সাহায্য নিকটবর্তী হয়। সুতরাং, হাল ছাড়বেননা, কখনোই না। আপনার নৌকা ডুবির আগ মুহূর্তে, আল্লাহর সাহায্যের বাতাস বইবেই।
মনে রাখবেন, পৃথিবীতে যেমন কেউ চিরস্থায়ী নয়, তেমনি আপনার সমস্যা গুলোও চিরস্থায়ী নয়। আসলে লক্ষ্যহীন তীর কোথাও পৌঁছাতে পারে না, তাই জীবনের মহৎ লক্ষ্য ঠিক রাখুন, মৃত্যুকে সবসময় স্মরণে রাখুন। আপনি পারবেন, কারণ আল্লাহ্ আপনার সাথে আছেন। আর আল্লাহ্ যখন থাকেন, তখন কোনো শক্তিই আপনাকে পরাজিত করতে পারবে না।
হে আল্লাহ, আমাদের দুশ্চিন্তাকে প্রশান্তিতে, দুর্বলতাকে শক্তিতে এবং কঠিন সময়কে কল্যাণের পথে রূপান্তরিত করুন। আমাদের ধৈর্য, হালাল রিজিক ও সঠিক সিদ্ধান্ত নেওয়ার তাওফিক দিন। কখনো আপনার রহমত থেকে নিরাশ হতে দেবেন না। আমিন, ইয়া রব্বাল আলামিন।
#হালছেড়োনা #আল্লাহরউপরভরসা #ধৈর্য #ইসলামিকঅনুপ্রেরণা #জীবনেরসংগ্রাম #আল্লাহররহমত #পাটেক্সহ্যান্ডিক্রাফট #ধৈর্য #ইসলামিকঅনুপ্রেরণা