08/09/2026
গত রাতে ঘটে যাওয়া একটি লোমহর্ষক ঘটনা শেয়ার করতে চাই।
মধ্যরাতে হঠাৎ আবিষ্কার করলাম, আমি পানির মধ্যে পড়ে গেছি।
কীভাবে পড়ে গেলাম, কোথায় আছি, কিছুই জানি না। শুধু বুঝতে পারছি, আমি পানির নিচে আটকে আছি। প্রাণপণে হাত পা নাড়ছি, ওপরে ওঠার চেষ্টা করছি, কিন্তু কিছুতেই উঠতে পারছি না।
সবচেয়ে ভয়ংকর ব্যাপারটা ছিল, আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না।
মুখ দিয়েও না, নাক দিয়েও না। মনে হচ্ছিল, আর একটু পরেই বুকের ভেতরটা ফেটে যাবে। আমি সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করছি পানির ওপর উঠতে, কিন্তু কোনোভাবেই পারছি না।
ঠিক তখনই মাথায় একটা প্রশ্ন এলো,
“আমি কি তাহলে মারা যাচ্ছি?”
মানুষ মৃত্যুর ঠিক আগের মুহূর্তে কেমন অনুভব করে, সেটা তো নিশ্চিত করে বলার সুযোগ কারো নেই। কারণ যে মানুষটা সেই মুহূর্ত পার হয়ে যায়, সে আর ফিরে এসে বলতে পারে না।
সেই মুহূর্তে আমার মনে হচ্ছিল, আমি আর বাঁচতে পারব না।
অদ্ভুতভাবে তখন আমার অবচেতন মন আরেকটা প্রশ্ন করতে শুরু করল,
“তাহলে কি আমি আজরাইল (আঃ) দেখতে পাব? কারণ শুনেছিলাম মানুষ মৃত্যুর সময় আজরাইল কে চাক্ষুষ দেখতে পায়!”
চারপাশে তাকাতে শুরু করলাম। কাউকে দেখতে পাচ্ছি না।
তখন মনে হলো, “তাহলে কি আমার এখনও সময় আছে?”
কিন্তু শ্বাস তো নিতে পারছি না!
একসময় মনে হলো, আর কোনো পথ নেই। মৃত্যু যদি আসেই, তাহলে আসবে। আমি আর কিছু করতে পারব না।
সেই মুহূর্তে আমি কালেমা পড়লাম।
তারপর আবারও সর্বোচ্চ শক্তি দিয়ে ওপরে ওঠার চেষ্টা করতে থাকলাম।
এক পর্যায়ে হঠাৎ আমি পানির ওপর উঠে এলাম।
আর ঠিক তখনই নিজেকে বিছানায় আবিস্কার করলাম।
কয়েক মুহূর্ত বুঝতেই পারছিলাম না, আমি কোথায় আছি। বাস্তবতা ফিরে পেতে একটু সময় লেগেছিল।
এটা স্বপ্ন হতে পারে। হ্যালুসিনেশনও হতে পারে। সারাদিন প্রচণ্ড শারীরিক পরিশ্রম করেছিলাম, পরিবারের সঙ্গে বিমান যাদুঘরে ঘুরতে গিয়েছিলাম, অনেক ফিজিক্যাল অ্যাক্টিভিটি হয়েছিল। রাতে আবার রেস্টুরেন্টে গিয়ে একটু বেশি খাওয়াও হয়েছিল। সব মিলিয়ে শরীর ছিল প্রচণ্ড ক্লান্ত।
তাই বৈজ্ঞানিকভাবেও এর একটা ব্যাখ্যা থাকা খুব স্বাভাবিক।
কিন্তু একজন মুসলিম হিসেবে একটা বিষয়কে আমি কোনোভাবেই উপেক্ষা করতে পারি না।
মৃত্যুর অনুভূতিটা।
সেই কয়েক মুহূর্তে আমি সত্যিই অনুভব করেছিলাম, আমার সামনে আর কোনো সুযোগ নেই। আমি সর্বোচ্চ চেষ্টা করেও বাঁচতে পারছি না।
আর তখন একটা বিষয় খুব গভীরভাবে উপলব্ধি করলাম,
মৃত্যু আসলে কখন আসবে, আমরা কেউ জানি না।
আমরা আগামীকাল নিয়ে কত পরিকল্পনা করি। ব্যবসা, টাকা, পরিবার, বাড়ি, গাড়ি, ভবিষ্যৎ, কত কিছু! কিন্তু সত্যিটা হলো, আমাদের হাতে হয়তো আগামীকালটুকুও নেই।
তাই আমার নিজের জন্যও, আপনাদের জন্যও একটা অনুরোধ,
মৃত্যুর জন্য প্রস্তুতি নিন।
কখন ডাক আসবে জানি না। কিন্তু যখনই আসুক, অন্তত কিছুটা সম্বল নিয়ে যেন মহান আল্লাহর দরবারে উপস্থিত হতে পারি।
হয়তো এই বোধটাই আমাদের অনেক কিছু থেকে দূরে রাখতে পারে।
মারামারি, হানাহানি, রাহাজানি, সন্ত্রাস, ক্ষমতার দম্ভ, অহংকার, রিয়া, পরশ্রীকাতরতা, গীবত আর প্রতিদিনের এমন কত কাজ, যেগুলো করতে করতে আমরা ভুলেই যাই যে একদিন আমাদের সবাইকে ফিরে যেতে হবে।
মৃত্যুর কথা মনে থাকলে হয়তো জীবনটাকেও একটু অন্যভাবে বাঁচা যায়।
আল্লাহ আমাদের সবাইকে মৃত্যুর আগে তওবা করার, নিজেকে সংশোধন করার এবং ঈমানের সঙ্গে তাঁর কাছে ফিরে যাওয়ার তাওফিক দান করুন।
আমিন।