16/06/2024
বাবা দিবসে বিশ্বের সকল বাবাকে শ্রদ্ধা ও ভালবাসা।
বাবা দিবস কেমন করে এলো? বাবা দিবস তো আমরা পালন করি। কিন্তু এই দিবসটির পেছনের গল্প কি জানি? তথ্যটি খুব একটা আনন্দের না। বরং এর পেছনে আছে সংগ্রামের একটা গল্প। একশ বছরের বেশি সময় ধরে বিশ্বে এই দিবসটি পালিত হয়ে আসার গল্পটা বেদনারই বলা যায়। ধারণা করা হয়, ১৯০৮ সালের ৫ই জুলাই, আমেরিকার পশ্চিম ভার্জেনিয়ার ফেয়ারমন্টের এক গির্জায় এই দিনটি প্রথম পালিত হয়। ১৯০৮ সাল। পশ্চিম ভারজিনিয়ার এক গীর্জায় একটি স্মরণ সভার আয়োজন করা হয়েছে। এর আগের বছরই একটি কয়লা খনিতে বিস্ফোরণে নিহত হয়েছিল ৩৬২ জন কয়লা শ্রমিক। তাদেরকে সম্মান জানাতে সন্তানরা মিলে এই প্রার্থনা সভার আয়োজন করে। এটি ছিল বাবাকে সম্মান জানাতে ইতিহাসের প্রথম আয়োজন। ইতিহাস এমনটাই বলছে। যদিও বাবা দিবসের সঙ্গে এর তেমন কোন সম্পর্কে নেই।
তবে ঠিক এর পরের বছর ১৯০৯ সালে সনোরা স্মার্ট ডড নামের এক নারী বাবা দিবসের স্বীকৃতির জন্য সোচ্চার হয়ে ওঠেন। ডড তার বাবাকে অসম্ভব ভালো বাসতেন। মা ছিলনা তাদের। তাদের সাত ভাইবোনকে বড় করে তুলেছিলেন তাদের সিঙ্গেল বাবা। বাবার এই ত্যাগ দেখে ডডের মনে হলো মা দিবসের এত আয়োজন হলে বাবা দিবস কেন বাদ থাকবে। বাবাকে সম্মান জানানোর জন্যও একটা দিন থাকা দরকার।
অনেক চেষ্টা চরিত্র করে সম্পূর্ণ নিজ উদ্যোগেই দীর্ঘ এক বছরের সাধনায় স্থানীয় কমিউনিটি গুলোতে ১৯১০ সালের ১৯ জুন বিশ্বে প্রথম বারের মতো বাবা দিবস পালন করতে পারেন ডড।
অবশেষে ১৯১৩ সালে আমেরিকান সংসদে পিতৃ দিবসকে ছুটির দিন ঘোষণা করার জন্য একটা বিল উত্থাপন করা হয়। ১৯২৪ সালে তৎকালীন আমেরিকান প্রেসিডেন্ট ক্যালভিন কুলিজ বিলটিতে পূর্ণ সমর্থন দেন। অবশেষে ১৯৬৬ সালে প্রেসিডেন্ট লিন্ডন বি. জনসন পিতৃ দিবসকে ছুটির দিন হিসেবে ঘোষণা করেন। বিশ্বের বেশিরভাগ দেশে জুন মাসের তৃতীয় রবিবার পিতৃ দিবস হিসেবে পালিত হয়।