10/09/2026
একটা জিনিস আমি বুঝি না, বাঙালি কষ্ট কমানোর জিনিস কিনতে এত কষ্ট পায় কেন? 😄
খেয়াল করলে দেখবেন বাংলাদেশের ২০ লাখ টাকার ফ্ল্যাট থেকে ২ কোটি টাকার ফ্ল্যাট, সুন্দর কোনো বেলকনি পেলেই হইছে। সামনে একটা নাইলনের দড়ি টেনে লুঙ্গি, গামছা, ব্রা, জাঙ্গিয়া সব ঝুলিয়ে দিই। 😄
মা-বোনদের জন্য ব্যাপারটা কতটা বিব্রতকর, সেটা বুঝেন? সামনের রোড় বা পাশের বাসা নয়, স্যাটেলাইট থেকেও সব দেখা যায়। আর একটু বাতাস হলে ছোট ছোট কাপড় উড়ে যায় পাশের বাসায়। আকাশ একটু কালো হলেই মা দৌড় দেন ছাদে। আকাশ কালো দেখলে বাইরের থেকে দৌঁড়ায় বাসায় ফেরত আসেন।
অথচ dryer-এ কাপড় ঢুকিয়ে একটা বাটন চাপলে গল্প শেষ।
Dishwasher কিনবেন? দুইটা প্লেট হাত দিয়ে ধুতে পারেন না?
দুইটা প্লেট হলে অবশ্যই পারেন। সমস্যা হলো, দুইটা প্লেট দিয়ে বাঙালি পরিবার চলে না। সকালে নাস্তার প্লেট, কাপ, হাঁড়ি। দুপুরে আবার। রাতে আবার। মাঝখানে চা। বাসায় মেহমান এলে তো রান্নাঘরের সিংক দেখে মনে হয় কোনো রেস্টুরেন্ট রাতের বেলা বাসন রেখে পালিয়ে গেছে। 😄
খাওয়া শেষ করে সবাই সোফায়। একজন তখন রান্নাঘরে দাঁড়িয়ে পাতিলের সঙ্গে ব্যক্তিগত যুদ্ধ করছেন।
Dishwasher-এর দাম দেখলে আমরা বলি, এত টাকা দিয়ে বাসন ধোয়ার মেশিন!
কিন্তু যে মানুষটা ২০ বছর ধরে প্রতিদিন বাসন ধুচ্ছেন, উনার শ্রমের দাম হিসাব করলে সম্ভবত মেশিনটাই লজ্জা পেয়ে সস্তা হয়ে যেতো।
Microwave নিয়েও একই কাহিনি। ফ্রিজ থেকে তরকারি বের করে দুই মিনিটে গরম করার ব্যবস্থা আছে। কিন্তু না। চুলায় পাতিল বসান, গরম করেন, আরেকটা পাতিল নোংরা করেন, পরে সেটাও ধুয়ে রাখেন। কারণ, আম্মা আছেন। বা স্ত্রী আছেন।
Rice cooker? ভাত রান্না করতেও আবার মেশিন লাগে নাকি!
ভাত চুলায় বসিয়ে পাশে দাঁড়িয়ে পাহারা দেওয়াটাই সম্ভবত আমাদের সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। 😄
আমার আম্মুদের জেনারেশন অনেক কাজ কষ্ট করে করেছেন, কারণ তখন এই মেশিনগুলো সহজলভ্য ছিল না, সামর্থ্যও ছিল না। সেটা বুঝি।
কিন্তু এখন সামর্থ্য থাকার পরেও কষ্টটাকে ট্রেডিশন বানিয়ে রাখার যুক্তিটা বুঝি না।
১ লাখ টাকার ফোন তিন বছর পর বদলালে সমস্যা নাই। ৮০ হাজারের টিভি দেয়ালে ঝুললে বাসার সৌন্দর্য বাড়ে। কিন্তু ৩০-৪০ হাজার টাকার একটা মেশিন দশ বছর ধরে প্রতিদিন একজন মানুষের আধা ঘণ্টা বাঁচালে প্রশ্ন আসে, এত টাকা দিয়ে লাভ কী?
লাভটা খুব সহজ।
আমরা মেশিন কিনি নাই বলে কাজটা বাতাসে মিলিয়ে যায় নাই। কাজটা শুধু আরেকজন মানুষের ঘাড়ে গেছে।
আর সেই মানুষটা সাধারণত আমাদের মা। বা আমাদের স্ত্রী।
আপনারা না মাকে অনেক ভালোবাসেন? তাহলে আম্মাদের কষ্ট কমান না কেন?