17/05/2026
ইসলামের সবচেয়ে মর্যাদাপূর্ণ সময়গুলোর একটি হলো জিলহজ মাসের প্রথম ১০ দিন। রাসূলুল্লাহ ﷺ বলেছেন, “এমন কোনো দিন নেই, যেদিনের নেক আমল আল্লাহর কাছে এই ১০ দিনের আমলের চেয়ে বেশি প্রিয়।” (সহীহ বুখারী)
এই দিনগুলো কুরবানির প্রস্তুতি নেয়ার পাশাপাশি দোয়া, ইবাদত, আর আল্লাহর কাছে ফিরে আসার এক বিশেষ সময়। উলামায়ে কেরাম বলেন, এই দিনগুলোতে দোয়া কবুল হওয়ার সম্ভাবনাও অত্যন্ত বেশি। বিশেষ করে ৯ই জিলহজ (আরাফার দিন) সম্পর্কে হাদিসে এসেছে, “আরাফার দিনের দোয়া সবচেয়ে উত্তম দোয়া।”
তাহলে একজন গর্ভবতী মা তার জীবনের বিশেষ সময়ে আল্লাহর কাছে বিশেষ কিছু চাওয়ার সুযোগ কেন মিস করবেন! নারীজীবনে গর্ভকাল একইসাথে কষ্টকর এবং আনন্দময় একটা সময়। শরীরে থাকে কষ্ট, কিন্তু মনের মধ্যে চাঁপা থাকে এক বিশেষ দিনের জন্য অপেক্ষা, নতুন মানুষ ছুঁতে চাওয়ার আনন্দ। একটি বিশেষ দিন, একটি বিশেষ মানুষ, তাকে ঘিরে কত আশা, কত স্বপ্ন, কত পরিকল্পনা, কত কষ্ট হাসিমুখে সয়ে নেয়া!
আমরা মুসলিমরা সবসময়ই চেষ্টার পাশাপাশি দোয়া করায় বিশ্বাসী। বলা হয় দোয়া মুমিনের হাতিয়ার। দোয়া দ্বারা ভাগ্য পরিবর্তন হয়। একজন মা গর্ভাবস্থায় কি কি করছেন, কি কথা বলছেন, কিভাবে চিন্তা করছেন তার সরাসরি প্রভাব পরে গর্ভস্থ শিশুর উপর। এটা এখন বিজ্ঞান দ্বারা প্রমাণিত। আসন্ন প্রসব ও নিজের অনাগত সন্তানের জন্য দোয়া করার জন্য একজন গর্ভবতী মায়ের জিলহজ মাসের এই বরকতময় দিনগুলোকে লুফে নেয়া উচিত।
আসুন জেনে নেয়া যাক একজন গর্ভবতী মা এই সময়ে কি কি দোয়া করতে পারেন –
👉 আমরা প্রথমেই আল্লাহর পবিত্র কালাম থেকে জানবো যে সন্তানের জন্য আল্লাহ তার প্রিয় বান্দাদের তার কাছে কিভাবে চাইতে বলেছেন। এটা আমার কাছে খুব আশ্চর্য লাগে যে আল্লাহর কাছে চাইবো, সেটা আবার তিনিই আমাদের শিখিয়ে দিচ্ছেন যে কিভাবে চাইতে হবে। নেক সন্তানের জন্য পবিত্র কুরআনের কিছু দোয়া হল-
رَبِّ هَبْ لِي مِن لَّدُنكَ ذُرِّيَّةً طَيِّبَةً ۖ إِنَّكَ سَمِيعُ الدُّعَاءِ
উচ্চারণ: রব্বি হাবলি মিল্লাদুনকা যুররিয়্যাতান ত্বাইয়্যিবাহ, ইন্নাকা সামিউদ দোয়া।
অর্থ: হে আমার রব! আপনার পক্ষ থেকে আমাকে পূত-পবিত্র সন্তান দান করুন। নিশ্চয়ই আপনি প্রার্থনা শ্রবণকারী।
(সূরা আলে ইমরান, আয়াত ৩৮)
رَبِّ لَا تَذَرْنِي فَرْدًا وَأَنتَ خَيْرُ الْوَارِثِينَ
উচ্চারণ: রব্বি লা তাযারনি ফার্দাও ওআ আনতা খাইরুল ওয়ারিসীন।
অর্থ: হে আমার রব! আমাকে একাকী (সন্তানহীন) রেখো না, আর তুমিই শ্রেষ্ঠ উত্তরাধিকারী।
(সূরা আম্বিয়া, আয়াত ৮৯)
رَبِّ هَبْ لِي مِنَ الصَّالِحِينَ
উচ্চারণ: রব্বি হাবলি মিনাস সালিহীন।
অর্থ: হে আমার প্রতিপালক! আমাকে এক নেক সন্তান দান করুন।
(সূরা সাফফাত, আয়াত ১০০)
رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا
উচ্চারণ: রব্বানা হাবলানা মিন আযওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'ইয়ুন, ওয়াজ'আলনা লিলমুত্তাকীনা ইমামা।
অর্থ: হে আমাদের রব! আমাদের স্ত্রীদের ও সন্তানদের পক্ষ থেকে আমাদের জন্য চোখ জুড়ানো বিষয় দান করুন এবং আমাদের মুত্তাকীদের জন্য অনুসরণযোগ্য করুন।
(সূরা ফুরকান, আয়াত ৭৪)
👉 এছাড়াও এই দিনগুলোতে আল্লাহর কাছে নিজের মত করে দোয়া করা যেতে পারে। ঠিক আমি যেভাবে চাই, সেভাবে ভেঙে ভেঙে আল্লাহর সাথে কথা বলা। এতে যেমন আল্লাহর সাথে সম্পর্ক গাঢ় হয়, তেমনি মনটাও অনেক হালকা লাগে। আমি অনেক আগে ফেসবুকে একটা আপুর দোয়া পেয়েছিলাম। দোয়াটা এতো ভালো লেগেছিল! আমি ওটা সেইভ করে রেখেছিলাম। এখনো নিয়মিত ওটা পড়ার চেষ্টা করি। দোয়াটি হল-
“ইয়া লাতিফ, ইয়া কারিম, ইয়া রাহিম, ইয়া রাজ্জাক, ইয়া হাইয়ু ইয়া কায়ুইম, ইয়া জুল জালালি ওয়াল ইকরাম, ইয়া আল্লাহ, ইয়া রব্বি, তোমার রাসুলের আহলিয়া আর কন্যাদের মত নাসিব, ঈমানী জজবা, সবর, শোকর, ইবাদাত, পবিত্রতা, মর্যাদাওয়ালা আউলাদ দাও। শহিদি মর্যাদাপ্রাপ্ত সাহাবিদের মত শারীরিক ও মানসিক শক্তিওয়ালা আউলাদ দাও।
শারীরিক ও মানসিক সম্পূর্ণ সুস্থতা দাও, প্রতিটা অঙ্গের পরিপূর্ণতা দাও ও আজীবন সুস্থতা দাও। পর্যাপ্ত উচ্চতা, সৌন্দর্য এবং সুস্বাস্থ্য ঘন সুন্দর চুল, সুন্দর গঠনের চোখ, নাক, কান, ঠোঁট, গাল, নখ, লম্বা-পাতলা আঙুল।
সব ধরনের বিপদআপদ, পরীক্ষা ও অসুস্থতা থেকে মুক্ত রাখো আজীবন। শয়তান, শয়তানের ওয়াসওয়াসা, শিরক, রিয়া, অহংকার, কুফুরি থেকে আজীবন পানাহ দাও, মানুষের বদ নজর, সিহর, হাসাদ, নামিমা, গিবত থেকে পানাহ দাও। অভাব ও গরিবি হালত থেকে পানাহ দাও, খাইর ও বরকতময় সম্পদের অধিকারি বানাও।
রাগ, বদ মেজাজি, নিকৃষ্ট আখলাক, তর্কবাজি থেকে পানাহ দাও এবং উত্তম আখলাক, আদবি বানাও। বিচক্ষণ, বুদ্ধিদীপ্ত বানাও, আলসে ও বোকা হতে পানাহ দাও। পরোপকারী ও দ্বীনের দায়ী বানাও, জামানার ঈমাম বানাও, দ্বীনের খাদেম বানাও।
উত্তম জীবনসঙ্গী মিলিয়ে দাও ও তার নাসিবে যা যা চাচ্ছি, তা তা তার সন্তানের নাসিবেও দাও। তার জীবনসঙ্গীর নাসিবেও দাও। বরং আমার চাওয়া থেকেও আরও উত্তম দাও। তাকে বাধ্য ও চক্ষুশীতলকারি সন্তান বানাও। তাকে ও তার আউলাদদেরকে মাদিনাবাসী বানাও। তাকে ও তার আউলাদদেরকে বাকীতে দাফন হওয়ার নাসিব দাও। তাকে ও তার আউলাদদেরকে জান্নাতুল ফিরদাউসে মাকামে মাহমুদের পাশে মাজলিস দাও ও তোমার দিদার দেখার নাসিব দাও। আমিন”
👉 আল্লাহ গর্ভকাল ও প্রসব সম্পর্কে পবিত্র কুরআনে বলেছেন “তার মা তাকে অতিকষ্টে গর্ভে ধারণ করেছে এবং অতি কষ্টে প্রসব করেছে।”(সূরা আল-আহকাফ, আয়াত ১৫)
গর্ভধারণ ও প্রসব যে একটি কষ্টকর কাজ তা আল্লাহ তার কালামেই স্বীকৃতি দিয়েছেন। এই কষ্টের সময় যেন সহজ হয়, শারীরিক বা মানসিক যে কোনো কষ্ট যেন আল্লাহ দূর করে দেয়, প্রসব যেন সহজ করে দেয় সেজন্য এই ১০ দিন সহ পুরো প্রেগন্যানসিতেই তাঁর নিকট দোয়া করা যেতে পারে। আমি কেমন প্রসব চাই সেটা ভেঙে ভেঙে দোয়া করা, কি কি বিষয় নিয়ে উদ্বিগ্ন সেগুলো থেকে বার বার আল্লাহর কাছে পানাহ চাওয়া।
প্রসবের যাত্রাটা যেন সহজ হয় তার জন্য খুব চমৎকার একটা দোয়া আমি পড়তাম-
(رَبِّي يَسِّر وَلاَ تُعَسِّرْ وَتَمِّمْ بِالْخَیْر)
উচ্চারণ : রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম বিল খাইর
অর্থ : "হে আমার প্রতিপালক! তুমি একে সহজ করে দাও, কঠিন করো না এবং কল্যাণের সাথে সমাপ্ত করে দাও"
আফটার ডেলিভারি নিউবর্ন কেয়ার যেন আমার জন্য সহজ হয়, বেবির খাওয়া, ঘুম, পটি সব যেন ঠিক থাকে, বেবি রাত জেগে আমার কষ্টের কারণ না হয়, কলিক বেবি না হয়, সবসময় সুস্থ থাকে - চাইলে এসব নিয়েও দোয়া করতে পারেন।
তাছাড়া দোয়া শুরু করার আগে আল্লাহকে তাঁর সুন্দর সুন্দর নামে ডাকা, দরূদ ইস্তিগফার পড়ে নেয়া উচিত।
জিলহজের এই বরকতময় দিনগুলো খুব দ্রুত চলে যাবে। কিন্তু এই দিনগুলোতে চোখের পানি ফেলে করা দোয়াগুলো, হয়তো আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যাবে।
একজন গর্ভবতী মা শুধু নিজের জন্য দোয়া করেন না, তিনি ভবিষ্যৎ একটি প্রজন্মের জন্য দোয়া করেন। তার প্রতিটি দোয়ার সাথে জড়িয়ে থাকে একটি অনাগত হৃদয়, একটি নতুন জীবনের গল্প।
তাই এই ১০ দিন আমলের তালিকা পূরণ করুন, আল্লাহর সাথে গভীর সম্পর্ক গড়ে তুলুন। সিজদায় গিয়ে নিজের ভয়, কষ্ট, স্বপ্ন, আশা, সবকিছু আল্লাহকে খুলে বলুন।
হয়তো এই জিলহজেই আল্লাহ আপনার সন্তানের জন্য এমন কিছু লিখে রাখবেন, যা আপনার কল্পনার চেয়েও সুন্দর।
আল্লাহ সকল গর্ভবতী মায়ের গর্ভকাল সহজ করুন, প্রসব সহজ করুন, সুস্থ-সুন্দর, নেককার ও চক্ষুশীতলকারী সন্তান দান করুন। আমিন।
✍️ রেজওয়ানা রাজ্জাক
সার্টিফাইড চাইল্ডবার্থ এডুকেটর এন্ড দৌলা
এডভান্সড ভিব্যাক দৌলা