24/02/2025
এ বছর প্রথমবারের মতো আমার ছোট্ট মামনি আফরাকে নিয়ে বইমেলায় গেলাম। নানা রঙের বইয়ের রাজ্য দেখে ওর চোখে-মুখে বিস্ময়ের ঝিলিক। হাঁটতে হাঁটতে একটি স্টলে দাঁড়ালাম। আফরা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল,
"বাবা, এখানে কি আল্লাহর গল্প, নবীজির গল্প, জান্নাতের গল্প পাওয়া যায়?"
আমি মুচকি হেসে বললাম, "আমি খুঁজে দেখি বাবা, নিশ্চয়ই পাওয়া যাবে।" সত্যিই পেলাম— ‘গল্পের সাথে হাদিসের পথে’, ‘চাঁদের চেয়েও সুন্দর তিনি’, ‘আমার সারাদিন’। ওর জন্য কিছু বই কিনলাম, কিছু বই পরে কেনার জন্য রেখে দিলাম। সন্ধ্যার হালকা বৃষ্টিতে খুব বেশি বই নিয়ে ঘোরাঘুরি করা কঠিন হয়ে যেত।
প্রায় দেড় ঘণ্টা ধরে ঘোরাঘুরির পর আমরা মেট্রোরেলের দিকে যাচ্ছিলাম। আমি আফরাকে জিজ্ঞেস করলাম,
"বাবা, কিছু খেলে ভালো হতো না? তোমার তো মনে হয় ক্ষুধা পেয়েছে।"
ও উত্তর দিল, "না বাবা, আমার ক্ষুধা লাগেনি, তবে পিপাসা পেয়েছে, পানি খাব।" ব্যাগ থেকে পানির বোতল বের করে দিলাম, ও একটু পানি খেল।
এরপর হঠাৎ বলল, "বাবা, এখানে কি মিল্ক শেইক পাওয়া যাবে?"
আমি বললাম, "পাওয়া যেতে পারে বাবা, তবে মেলার ঐপাশে যেতে হবে। চলো গিয়ে দেখি।"
আমার কথা শেষ হতে না হতেই সামনে ২০-৩০ ফুট দূরে একটা বেভারেজ স্টল চোখে পড়ল। অবাক হয়ে আমরা সেখানে গেলাম। দু’টি মিল্ক শেইক কিনলাম। তখন আফরা আদুরে গলায় বলল,
"বাবা, বাসায় তো মম্মি একা, তার জন্যও একটা নাও।"
তার কথা শুনে আরেকটা মিল্ক শেইক নিলাম। শেইক হাতে নিয়ে বের হওয়ার সময় আফরা বিস্মিত হয়ে বলল,
"বাবা, তুমি না বললে মেলার ঐপাশে যেতে হবে? তাহলে এখানে মিল্ক শেইকের দোকান কীভাবে এল?"
আমি মুচকি হেসে উত্তর দিলাম, "এটা আমিও বুঝতে পারছি না বাবা। তবে আল্লাহ তোমার চাওয়াটা শুনেছেন, তাই সামনে এনে দিয়েছেন।"
ও আরও গভীরভাবে ভাবল, তারপর বলল, "বাবা, আমি খেতে চেয়েছি, তাই পেয়েও গেলাম? জান্নাতের মতো?"
আমি স্নেহভরে ওর মাথায় হাত বুলিয়ে বললাম, "ঠিক তাই বাবা, তুমি আল্লাহর কাছে চেয়েছো, তিনি কবুল করেছেন।"
আফরা খুশি হয়ে বলল- "আলহামদুলিল্লাহ।"
আমিও তার সাথে বলে উঠলাম- "আলহামদুলিল্লাহ।"
#আলহামদুলিল্লাহ