16/03/2025
আপনি কি মনে করছেন এই রমাদানেও কিছুই ঠিকমতো করতে পারছেন না? কুরআন তিলাওয়াত কম হয়ে যাচ্ছে, তাহাজ্জুদ ঠিকমতো উঠতে পারছেন না, দু’আর লিস্ট তো এখনো গুছিয়েই নেওয়া হয়নি…?
মন খারাপ লাগছে? মনে হচ্ছে দিনগুলো হাত ফসকে যাচ্ছে, অথচ আপনি এখনো রমাদানের আমেজই ধরতে পারেননি?
শোনেন… এখনো সময় আছে। রমাদান শেষ হয়নি, আপনি এখনো নিঃশ্বাস নিচ্ছেন, আপনার রব আপনাকে ডাকছেন, তিনি আছেন... অপেক্ষা করছেন!
এত এত ইস্যু নিয়ে মনোযোগ হারিয়ে ফেলবেন না! চূড়ান্ত লক্ষ্য থেকে বিচ্যুত হবেন না।
দুনিয়া আপনাকে দশ দিকে টানবে, শয়তান চাইবে আপনি হাল ছেড়ে দিন, নিজের ওপর বিরক্ত হয়ে আর কোনো চেষ্টাই না করেন। কিন্তু আপনি কি জানেন? ফিরে আসার দরজা এখনো খোলা আছে!
রমাদানের শেষ ১০ রাত আসছে… জান্নাতের দরজা এখনো খোলা… গুনাহ মাফের সুযোগ এখনো আছে!
আজ থেকেই ছোট্ট করে হলেও কুরআন খুলুন। আজ রাতেই দু’আ করুন—হয়তো এটিই হবে আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত! আজ থেকেই একটু একটু করে হলেও আল্লাহর দিকে ফিরে আসুন।
আর যদি কিছুই করতে না পারেন, তাহলে অন্তত ঠোঁট নড়ান আর বলুন,
"আল্লাহ, আমাকে সাহায্য করুন, আমি আপনার জন্যই এসেছি,..."
শুধু বলুন, "সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি..."
রাসূল ﷺ বলেছেন,
"যে ব্যক্তি প্রতিদিন ১০০ বার ‘সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি’ পড়বে, তার সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে, যদিও তা সমুদ্রের ফেনার মতো হয়।" (বুখারি, মুসলিম)
আর ‘লা ইলাহা ইল্লাল্লাহ’—এটি তো জান্নাতের চাবি!
এই সহজ আমলগুলোর মাধ্যমে আপনি হয়তো এমন এক নূর পেয়ে যাবেন, যা আপনার হৃদয়কে বদলে দেবে।
আল্লাহ শুনছেন, আল্লাহ দেখছেন, আল্লাহ জানেন আপনি ফিরে আসতে চান। ভালো ধারণা রাখুন, তিনি কখনো তাঁর বান্দাকে ফিরিয়ে দেন না।
রমাদানের শেষটা সুন্দর করার জন্য এখনই উঠে দাঁড়ান। হাল ছাড়বেন না!
সংগ্রীহিত