28/07/2023
কুশিকাজের পণ্যের যত্ন:
কুশিকাজের তৈরি জিনিস সাধারণ ব্যবহার্য জিনিসের থেকে কিছুটা আলাদা। তাই এর যত্ন পদ্ধতিও কিছুটা ভিন্ন। সামান্য কিছু পদ্ধতি অবলম্বন করলে খুব সহজেই অনেক দিন পর্যন্ত কুশিকাজের তৈরি পণ্যটি সুন্দর ও টেকসই থাকবে এবং নষ্ট হয়ে যাবার ভয় থাকবেনা।
*কুশি পণ্য ধোয়ার ক্ষেত্রে বিশেষ সাবধানতা অবলম্বন করা উচিত।অতিরিক্ত গরম পানি,অতিরিক্ত ক্ষারযুক্ত সাবান/ ডিটারজেন্ট,কাপড়কাঁচা সোডা ইত্যাদি দ্রব্য কুশিপণ্যের জন্য ক্ষতিকারক। ঠাণ্ডা পানি বা কুসুম গরম পানিতে সাধারন ডিটারজেন্ট,লিকুইড ডিটারজেন্ট বা শ্যাম্পু দিয়ে,কিছুক্ষণ ভিজিয়ে রেখে,আলতো হাতে কেঁচে নিয়ে,পরিস্কার পানি দিয়ে ধুয়ে ফেললে সহজেই পরিস্কার হয়ে যায়।যদি পণ্যটি উলসুতায় তৈরি হয়ে থাকে তবে উলজাতীয় জিনিস যেভাবে ধোয়া হয়,সেভাবেই ধুয়ে নিতে হবে।
*সাধারণ কাপড় ধোয়ার ক্ষেত্রে কাপড়ের পানি ঝরানোর জন্য কাপড় পেঁচিয়ে,মুচড়িয়ে চিপে নেয়া হয়। কিন্তু কুশিকাজের তৈরি জিনিস কখনোই মোচড়ানো বা টুইস্ট করা যাবেনা। এতে জিনিসটির স্টিচ বা বুননগুলো ছেড়ে ছেড়ে যেতে পারে,নষ্ট হয়ে যেতে পারে বা অনেক ক্ষেত্রে সুতাও ছিড়ে যেতে পারে।
সেক্ষেত্রে জিনিসটি পানি থেকে তোলার পর দুই হাতের তালুর মাঝে রেখে যতটা সম্ভব চাপ দিয়ে পানি ঝরিয়ে নিতে হবে।তারপর মেলে দিলে বাকি পানিটাও খুব সহজেই ঝরে যাবে।
*কুশিপণ্য যদি আয়রন/ইস্ত্রি করার প্রয়োজন হয় তবে তাপমাত্রা কমিয়ে ইস্ত্রি করে নিতে হবে।কটন ও মালাই কর্ড সুতার ক্ষেত্রে ইস্ত্রির সিল্ক অপশন এবং উলসুতার ক্ষেত্রে উল অপশন এর তাপমাত্রা দিয়ে ইস্ত্রি করে নিলে পণ্যটি ভালো থাকবে।
এভাবে একটু সতর্কতার সাথে যত্ন নিলে খুব সহজেই অনেক দিন পর্যন্ত আপনার প্রিয় কুশিপণ্যটি ব্যবহার করতে পারবেন।