23/03/2023
মেয়ের শ্বশুরবাড়িতে ইফতার পাঠানো; বন্ধ হোক এই অত্যাচার.. বিবেক দিয়ে বিচার করুন, সহযোগিতা কামনা করি আপনাদের..????
২০১৯ সালের একটি ঘটনা দিয়ে শুরু করি। ঘটনাটি বাংলাদেশের সিলেট জেলার। শামীম আহমদের সঙ্গে হেলেনা বেগমের (২০) বিয়ে হয়। বিয়ের পর প্রথম রমজান মাস এবার। সিলেটের ঐতিহ্য হিসেবে সে বছরের ১০ মে হেলেনার বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়িতে ইফতার পাঠানো হয়। কিন্তু সেই ইফতার সামগ্রী শ্বশুরবাড়ির লোকজনের মন মতো হয়নি। আর সেটা নিয়ে শ্বশুরবাড়ির লোকজনের গালমন্দ শুনতে হয় হেলেনাকে। এরই জেরে নিজ ঘরে ফ্যানের সঙ্গে রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন হেলেনা।
দেশের বিভিন্ন জনপদে নানা ঐতিহ্য ও প্রথার প্রচলন আছে। যুগ যুগ ধরে স্থানীয়রা এসব প্রথা টিকিয়ে রেখেছেন বংশ পরম্পরায়। এরমধ্যে কিছু আছে ঐতিহ্যের অংশ হয়ে। আবার কিছু প্রথা গলার কাঁটার মতোই বিঁধে আছে। মেয়ের শ্বশুরবাড়িতে ইফতার পাঠানো তেমনই একটি প্রথা। আর এ প্রথাটির কারণে নিরবে অনেকের চোখের পানি ঝরে।
প্রতি বছর রমজানের ২-৩ মাস আগে থেকেই অনেক বাবাকে চিন্তা করতে হয় কী করে মেয়ের বাড়িতে ইফতার পাঠানোর টাকা জোগাড় করা যাবে। অনেক বাবা ইফতারের এই আয়োজনের জন্য নিজের গরু ছাগল এমনকি হাস মুরগিও বিক্রি করেন। সুদে টাকা এনে তা মেটাতে বছর পার করেছেন অনেকেই।
এইতো গত ক’দিন আগে আমাকে একজন পরিচিত বলে রেখেছেন। ডালিম- মেয়েতো বিয়ে দিয়েছি। রোজাও আসছে কি করবো বুঝতে পারছি না। মেয়ের শ্বশুর বাড়িতে ইফতার,ঈদের নতুন কাপড় কি করে দিব কোন উপায়তো খুঁজে পাচ্ছিনা। শেষ মেষ এই মানুষটি হয়তো মানুষের কাছে হাত পাতবে। হাত পেতে মেয়ের শ্বশুর বাড়িতে ইফতার পাঠাবে। সেই ইফতার খাওয়া কি শ্বশুরালয়ের লোকজনের খাওয়া হালাল হবে?
ইফতার শুধু মেয়ের বাড়ির মধ্যে সীমাবদ্ধ থাকে না। ছেলের শ্বশুড়বাড়ি থেকে যেদিন ইফতার আসবে সেদিন বন্ধুবান্ধব আর আত্মীয়স্বজনকে দাওয়াত দেয়া হয়। সেই সাথে একটি নীরব প্রতিযোগিতা চলে- কার শ্বশুরবাড়ি থেকে কত বেশি আইটেমের ইফতার এলো।
যার শ্বশুরবাড়ি থেকে যত বেশি ইফতার আসে তার তত সুনাম। তেমনি যে মেয়ের বাবার সে সক্ষমতা কম, তিনি ইফতারি দিয়ে খুশি করতে না পারলে- অনেক ক্ষেত্রে কথা শুনতে হয়।
যুগ যুগ ধরে চলে আসা এই প্রথার অবসান চায় নতুন প্রজন্ম। নতুন প্রজন্ম একে জুলুম হিসেবে দেখছে। এই ইফতার নিয়ে আত্মহত্যার ঘটনাও ঘটেছে। বাবার বাড়ি থেকে মনমত ইফতার না আসলে শ্বশুড়বাড়ির মানুষের থেকে নানা কটু কথা শুনতে হয়।©